Monologue- 29
ফুটপাতে বসে চায়ে চুমুক দিচ্ছি। চা'ওয়ালা মামাকে বলে এক প্যাকেট কফি মিক্সড করে নিয়েছি। চিনি ছাড়া কড়া লিকারের কফি মিশ্রিত এ এক বিদঘুটে স্বাদ! স্বাভাবিক সময়ে হলে এ চায়ে চুমুক দিতে গিয়ে আমার জিহ্বা ১২০ ভোল্টের শক খেতো কিন্তু এখনো তেমন কিছুই অনুভব করছি না।
লাস্ট ২০ ঘন্টার ১৪ ঘন্টায় ঘুমিয়েছি। এরপর ঘুম ঘুম চোখ নিয়ে টিউশনে গেলাম। পড়াতে গিয়ে মনে হচ্ছিলো ঘুমে কথা জড়িয়ে আসছে। তাড়াতাড়ি পড়ানো শেষ করে এসে মামার ভাসমান টি-স্টলে বসলাম। এ জায়গাটা আমার পছন্দের একটা জায়গা। সত্যি বলতে ফুটপাতে বসতে প্রথমদিকে অনেক মৌন বাধা কাজ করলেও, এখন বেশ মজায় লাগে! রাস্তার ভিখিরি থেকে শুরু করে জুতা সেলাই করা মামার নজরে পথচারীরা দেখতে কেমন, তা বুঝাতে পারা যায়।
ঘুমের আড়ষ্টতা যেন আস্তে আস্তে কাটছে মনে হচ্ছে। হঠাৎ কানে কান্নার শব্দ শুনতে পেলাম কোথা থেকে যেন। পুরুষ মানুষের কান্না। চারপাশে চোখ ভুলিয়ে বুঝতে পারলাম কিছুটা দূরে মধ্যবয়স্কা এক লোক কান্না করছে। হাতে বড়সড় একটা ফাইল, মেডিকেলের কাগজপত্র আর রিপোর্ট। ফোনে কারো সাথে কথা বলছে আর কান্না করছে। যতটুকু শুনতে পেলাম, উনার পরিবারের কারো কঠিন কিছু একটা হয়েছে। কান্নায় কেমন যেন একটা অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। চায়ে চুমুক দিতে গিয়ে দেখলাম জিহ্বা ঝিনঝিন করছে। ঘুমের আড়ষ্টতা যেন পুরোপুরি উধাও হয়ে গিয়েছে, কি অদ্ভুত!
পুরুষ মানুষের কান্না খুব দুর্লভ জিনিস। সচরাচর চোখে পড়ে না। পুরুষ মানুষ কখনো ফুঁপিয়ে কান্না করতে পারে না। যখন কাঁদে তখন যেন আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ভারী পাথর সরে গিয়ে বিস্ফোরণ ঘটে। মেয়ে মানুষ কান্না করলে তাকে নিষ্পাপ দেখায়, আর পুরুষ মানুষ কান্না করলে তাকে প্রচন্ড অসহায় দেখায়। এই জন্য হয়তো পুরুষ মানুষ এতো সহজে কাঁদে না। এরা কান্না লুকিয়ে চেহারায় কঠোরতা দেখায়। শত হলেও পুরুষ মানুষ বলে কথা!
আমি আমার জীবনে যে কয়জন পুরুষ মানুষকে কাঁদতে দেখেছি, তারা অধিকাংশ একান্তই আমার অনেক কাছের। আমি এমন একজন পুরুষকে দেখেছি যে সারাবছর স্ত্রীর খোঁজ নেয়নি, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর লাশ কাঁধে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলো! এমনও পুরুষ দেখেছি যাকে সবসময় দুঃখ ছুঁয়ে পাথর বানিয়ে রেখেছিলো, সে মায়ের কবরে গিয়ে প্রায় অঝোরে কাঁদে। এমনও দেখেছি যে নিজে আঘাত পেলেও কোনো দিন তার চোখে পানি দেখেনি কিন্তু, নিজের পরিবারের সদস্যদের চিন্তায় সারারাত কান্না করতো!
পুরুষ মানুষের কান্না ব্যাপারটা অনেকটা অপরাধ সমতুল্য। এ অপরাধের শাস্তি শুধুই এ মহাবিশ্বের ধিক্কার। নিজের কাছে নিজের অসহায় প্রকাশমাত্র!
#Monologue- 29
12/11/2024
Tuesday, 9:50PM
মন্তব্যসমূহ