Sweet in my Black Coffee
আমার হাতে ধরে রাখা কফির মগটার দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছি। এক চুমুক দেওয়ার পর মনে হলো জিহ্বা থেকে চুলের ডগা পর্যন্ত ঝিনঝিন করে উঠলো!
স্টুডেন্ট উপহার হিসেবে কফির প্যাকেটটা দিয়েছিলো। কফির প্যাকেট দেখে খুশিই হয়েছিলাম। প্যাকেটটা দেওয়ার সময় বলে ছিল , "ভাইয়া, ব্ল্যাক কফি স্পেশাল এডিশন, চিনি আর মেট ছাড়া খাবেন"। আমি আমলে নেই নি তখন। ভেবেছিলাম পরীক্ষার আগের রাতে 'Nescafe' দুধ চিনি ছাড়া পান করা পাবলিক আমি, এ আর এমন কি!
এখন এই কফিতে চুমুক দেওয়ার পর মনে হচ্ছে ওর কথা গুরুত্বের সাথে আমলে নেওয়া উচিত ছিল। কোন বইয়ে যেন পড়েছিলাম, "যে দুধ-চিনি ছাড়া শুধু ব্ল্যাক কফি খেতে পারে, সে মানুষও খুন করতে পারে!" আপাতত আমার মানুষ খুন করার ইচ্ছে করছে না, তবে ওই স্টুডেন্টকে সামনে পেলে Complex Number এর কিছু জটিল ফর্মুলা প্রতিপাদন করিয়ে ছাড়তাম! পরক্ষণে মনে হলো আমার স্টুডেন্ট মনে হয় আমার উপর প্রতিশোধ নিচ্ছে। এতোদিনের করানো জটিল জটিল থিওরি আর ইকুয়েশনের সব বিষাদ আর তিক্ততা সব এই কফির মাধ্যমে আমাকে ফিরিয়ে দিচ্ছে!
তিন চুমুক দেওয়ার পর মনে হলো, " নাহ, আমাকে দিয়ে মানুষ খুন করাও সম্ভব না, আর দুধ-চিনি ছাড়া এই কফি গলাধঃকরণ করাও সম্ভব না!" বাধ্য হয়ে টেবিল ছেড়ে উঠে রান্না ঘরে গেলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস!!! কোথাও দুধের কৌটা পেলাম না, চিনির বয়ামও খালি! অগত্যা কফির মগ নিয়ে আবার টেবিলে এসে বসলাম।
চতুর্থ চুমুক দেওয়ার আগে ল্যাপটপটা অন করে ক্রাশের প্রোফাইলে ঢুঁ মারলাম! কয় চুমুক দিয়েছি খেয়াল নেই, দশম ছবিতে ক্লিক করতে গিয়ে খেয়াল করলাম খালি মগে চুমুক দিচ্ছি!!! 🐸
কখনোও সুযোগ হলে ক্রাশের নিক নেইমে Rename করে, "Sweet in my Black Coffee" রাখবো!!
মন্তব্যসমূহ