সব পেলে নষ্ট জীবন
তারপরও জীবন থামতে চায়। চলন্ত রেলগাড়ীতে তীব্র ব্রেক কষে যাত্রার মাঝপথে কোনো স্টেশনে নেমে যেতে মনে চায়। এই যাত্রায় কারো কাছে "Life is a journey", কারো কাছে "Life is a tour" বলা এ জীবন নিজের কাছে মনে হয় "Life is a Marathon"! একটু ঝিমুনি আসলেই চোখ খুলে দেখতে হয় পেছনের অনেকে টপকে সামনে চলে গিয়েছে!
তারপরও জীবন একটু থেমে আশেপাশের মানুষের মুখোশের অন্তরালে আসল মানুষটিকে চিনতে-জানতে মনে চায়। যে মুখোশের আড়ালে মানুষ কান্না লুকায়, চাপা আর্তনাদ ফেলে, ক্রোধ পুষে, সেই মুখোশ ফেলে দিয়ে আয়নায় তাদের কুৎসিত চেহারাটা চিনিয়ে দিতে মনে চায়!
এই জীবনে একটু থেমে ভালোবাসার স্বাদ উপভোগ করতে মনে চায়। যান্ত্রিকতার আত্মগ্লানিতে ক্লান্ত মন ভালোবাসার পরিচর্যায় পুনরায় উজ্জীবিত হতে চায়। দিনশেষে ভালোবেসে কেউ একজন থাকুক যে ম্যাটারিয়ালিস্টিক প্রাচুর্যের বাইরেও যার থাকবে আত্মসম্মানবোধ,গভীর যত্ন নিয়ে আগলে রাখার ক্ষমতা আর অফুরন্ত ভালোবাসা। যে ব্যকুল হয়ে অপেক্ষা করবে বেলাশেষে শেষ ট্রেনে কখন বাড়ি ফিরবো এই আশায়।
এই জীবন একটু ফুরসত নিয়ে প্রকৃতির মাঝে ডুব দিতে চায়। পাহাড়ের সূর্যোদয় দেখতে দেখতে আগামীর দিনগুলো গুছিয়ে নিতে চায়। সে চায় সমুদ্রের পাড়ে সূর্যাস্তের সাথে সাথে অতীতে ফেলে যাওয়া স্মৃতি অন্ধকারে মুছে ফেলতে। কোনো এক শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে শিশির ভেজা পথে হারিয়ে যেতে চায়।
সকল আত্মগ্লানি প্রকৃতির কাছে সমর্পণ করে অস্তিত্বের সংকট কাটিয়ে উঠতে চায়।
তারপর, তারপর এই জীবনে আর সব চাওয়া পাওয়া হয়ে ওঠে না। কারণ,
"সব পেলে নষ্ট জীবন"!
মন্তব্যসমূহ