খোদা আসলে কারো সাথে অন্যায় করেন না
একটা সময় পর্যন্ত আমি আমার জীবনে ঘটতে থাকা ঘটনাগুলোর আগা-মাথা মিলাতে পারতাম না। তখন শুধু মনে হতো,
"এসব জিনিস আমার সাথেই কেন ঘটছে। আমার সাথে যত্তসব অন্যায় করতেছো খোদা"।
তখন সব দোষ খোদার উপর চাপিয়ে দিয়ে নিজেকে নিজে সহানুভূতি দিতাম। সেই ভিক্টিম কার্ড প্লে করতে করতে শৈশবের একটা বড় অংশ পার করলাম। একদিন টেবিলে বসে অংক মিলাতে মিলাতে মনে হলো,
"খোদা আসলে কারো সাথে অন্যায় করেন না। অংকের মতো সমাধান আগেই বের করে রাখেন তারপরও অংকের সমাধান খুঁজতে পৃথিবীতে পাঠান। কিন্তু পৃথিবীতে আসার পর ব্যস্ত হয়ে যায় আমোদ-প্রমোদে! ফুর্তি করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়লেই কেবল খোদাকে স্মরণ করি।"
আশ্চর্য, করতেছিলাম বীজগণিতের সরল অংক কিন্তু এসব আমার মাথায় কেন আসছিলো!!!
জীবনের একটা সময় পর্যন্ত আমার অভিযোগ আর অভিমানের সীমা ছিলো না। অনেক ভেবে দেখলাম, যে সময়টা পর্যন্ত আমি পরনির্ভরশীল ছিলাম সে-সময়টায় আমার সবথেকে অভিযোগ আর অভিমানবোধ বেশি কাজ করতো। চা যখন আপুরা বানিয়ে এনে সামনে দিতো, তখন চায়ে চুমুক দিয়ে দুধ-চিনি পরিমাণ নিয়ে সে কি অভিযোগ আমার! আম্মা রান্না করে খাবার যখন প্লেটে বেড়ে টেবিলে দিয়ে যেত, তখন তরকারিতে লবণ কমবেশি, ডিম হাফপুচ না হয়ে ফুলপুচ হলো কেন তা নিয়ে কি অভিমান আমার। সাইকেল কিনে না দেয়ায় অভিমান করে কয়বেলা যে ভাত খাইনি তখন!
একদিন হঠাৎ করে সবকিছু পাল্টে গেল। আমি দেখলাম অভিমান আর অভিযোগ করার মতো মানুষ নেই আমার আশেপাশে। চা করতে গিয়ে অতিরিক্ত লিকার করে ফেলছি, তরকারি রান্না করতে গিয়ে হলুদ বেশি দিয়ে ফেলছি কিংবা লবণ দিতে ভুলে গিয়েছি, কোনোদিন না খেয়ে শুয়ে পড়েছি খিদে নিয়ে।
আশ্চর্য, এতো কিছুর পরেও আমার কোনো অভিযোগ নেই। আমার আর কোনো অভিমান কাজ করে না!!!
আমি বুঝতে পারলাম, আত্মনির্ভরশীল হওয়া এতোটাও সহজ না। অন্যকে আত্মনির্ভরশীল হতে দেখা সুন্দর, নিজের বেলায় না! জীবনে সবকিছু যখন নিজের ঘাড়ে এসে পড়ে তখন অভিযোগ আর অভিমান করার মতো কিছু থাকে না।
আমি বুঝতে পারলাম, মানুষের কাজে খুঁত ধরা যত সহজ নিজে সেই কাজ করা ততোটাই প্যারার।
মানুষকে খারাপ বলতে গিয়ে বুঝতে পারলাম আমি নিজেও ততোটা ভালো না। বাজারের টাকা থেকে ২০ টাকা মেরে দেওয়া যতোটা সহজ, নিজের পকেট থেকে ৫ টাকা মসজিদে দান করাটা ততোটাই মানসিকভাবে কঠিন!
আর এখন আমি বুঝতে পারি, অন্যের পাপকর্মের হিসেব করতে গেলে আগে নিজের মাথার টুপি খুলে নিতে হয়! ভালো মানুষের ছদ্মবেশ নিয়ে অন্যের খারাবি নিয়ে পড়ে থাকা যায় কিন্তু ভালো মানুষ হয়ে না। অন্যের পাপ মাপতে গিয়ে দেখলাম নিজের পাপের পাল্লাও কম ভারী না!
মন্তব্যসমূহ