জীবন আপনার ফিলোসোফির মতো সুন্দর
আমরা অনেকেই একটা নিরন্তর ছুটে চলার মাঝে জীবনযাপন করি। স্টুডেন্ট হলে ভার্সিটি-টিউশন-কোকারিকুলার, চাকুরীজীবী হলে নাইন-টু-ফাইভ জব, বাজার করা, পরিবার মেইনটেইন করা,আরো নানান কাজেকর্মে দিন পার হয়ে যাই। এই যান্ত্রিক জীবন নিয়ে আমাদের নানান অভিযোগ তৈরি হয়।
একটা সময় এসে, এই ক্লান্ত শরীর আর বিক্ষিপ্ত মন নিয়ে তখন আর কারো সাথে অতিরিক্ত কথা বলতে মনে চায় না, মনে চায় না অপ্রয়োজনে নিজের শক্তি অপচয় করতে! অনেক ফোন কল আর রিসিভ করা হয়ে ওঠে না, অনেক ম্যাসেজের আর জবাব দেওয়া হয়ে ওঠে না। হয়তো সামনাসামনি দেখা হলে সৌজন্যতাবোধের খাতিরে হাসিমুখে দু'চারটা কথা বলতে হয় অনিচ্ছাসত্ত্বেও!
দিনের পর দিন যায়, দীর্ঘনিশ্বাস ফেলে ক্যালেন্ডারের পাতায় চোখ যায় কখন উইকেন্ড আসবে এই ভেবে। ট্যুর প্ল্যানও দূরে কোথাও করা যায় না সময়ের অভাব বলে। শেষ কবে ভালো একটা ঘুম হয়েছিলো তা মনে পড়ে না আর! এভাবেই একটা সময় এসে এই জীবনের সকল ব্যস্ততা নিয়ে অভিযোগ জমা হয়, অভিমানে এই জীবন নিয়ে দু'চারটা গাল-মন্দও করে বসি। অবসর জীবনই প্রকৃত জীবন, ছুটি সুন্দর, এসব ধারণা মনে বাসা বাঁধে।
অথচ অবসর সময়ও সবসময় সুন্দর না। আমি মাঝে মাঝে এই যান্ত্রিক জীবন নিয়েও অবসর মানুষগুলোকে অবজার্ভ করি। অবজার্ভ করি, তাদের স্থবিরতা!
সরকারি চাকুরি থেকে অবসরপ্রাপ্ত মানুষটাকে দেখি সারাদিন বাসায় বসে ছটফট করে কি করবে এখন, তা ভেবে।
যে কৃষকের পুরো ধানক্ষেত তলিয়ে গিয়েছে বন্যায়, সে ক্ষেতের থইথই করা পানির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে এই ধান কাটার মৌসুমটা তার অবসর কাটাতে হবে।
সন্ধ্যার টিউশনে শেষ ক্লাসটা নিয়ে বের হওয়ার পর ভার্সিটির ছেলেটা কিংবা মেয়েটা ভাবে, এই সময়টা এখন অবসর কাটাতে হবে।
এই অবসর আর ব্যস্ততা নিয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করে। এরা ভাবে ব্যস্ততা অর্থনৈতিক সমৃদ্ধি দিলেও মানসিক অশান্তিতে রাখে। আবার অনেকে এটাও ভাবে যে, অবসর মানেই মানসিক শান্তি, ব্যস্ততা কিংবা টাকা-পয়সা মানেই খারাপ। আমার মতে, যারাই এসব ভাবে তারা জিরো এক্সপেরিয়েন্স থেকে এসব উল্টাপাল্টা ভাবে নিজের অক্ষমতাকে শাঁক দিয়ে মাছ ঢাকার মতো করে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা করে!
যারা বাপের টাকা পয়সার উপর চলে তাদের কাছে অবসর মানেও অর্থনৈতিক শান্তি, মানসিক অশান্তি। এমন অনেকেই আছে যারা প্যাশনের জায়গা থেকে কাজকর্ম করে। তাদের কাছে ব্যস্ততা মানেও শান্তি।
জীবন আপনার ফিলোসোফির মতো সুন্দর।আপনার ফিলোসোফি আপনার লাইফস্টাইলের বিপরীত হলে জীবন তীব্র অসুখী!
মন্তব্যসমূহ