মানুষ মারা যাওয়ার পর আল্লাহ আকাশের তাঁরা বানিয়ে রাখলে খারাপ হতো না

ভোররাত ৩:৪৮। অসুস্থ আমি বারান্দায় বসে বসে আকাশ দেখছি। ফজরের আজান দেওয়ার প্রস্তুতি চলছে মসজিদের মাইকে মাইকে। এই সময়টায় কেমন যেন শান্ত-স্নিগ্ধ বাতাস বয় চারপাশে। মাঝে মাঝে মনে হয় আল্লাহ অসুখ-বিসুখ দিয়েও অনেক ভালো কিছু অভিজ্ঞতার সুযোগ করে দেয়। ঠিক যেমনটা ছোটবেলায় জ্বর উঠলে মায়ের আদর আর সেবাযত্ন পেতাম। এখন আর সেই সৌভাগ্য নেই, সবকিছু একাকী সহ্য করতে হয়। মা ছাড়া বেড়ে ওঠা এই পৃথিবীর এক একটা ছেলেমেয়ে অযত্নে বড় হওয়া ফুল! 
আমি আকাশ দেখছি। খুব মনোযোগ দিয়ে আকাশের তিমির নিমিষেই কিভাবে নীলাভ রং ধারণ করছে তা বুঝবার চেষ্টা করছি। এর আগেও বেশ অনেকবার অনেক ভোর আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি! আকাশের এই পরিবর্তনের সময়টায় কেমন যেন একটা ঘোর লাগা কাজ করে। ঘোর কাটতে কাটতে ততোক্ষণে আঁধার শেষে আলোর চোখে ক্লান্তি ধরিয়ে দেয়। কি অদ্ভুত সময়টা যেন! 
আম্মা বলতো যারা আকাশ পছন্দ করে তারা নাকি উদার মনমানসিকতার হয়। আমি নিজেকে মাপার চেষ্টা করছি আমি উদার কি না। এ প্রশ্নের উত্তর আমার জানার কোনো উপায় নেই। এখন ভোর না হলে হয়তো একজনকে কল দিয়ে জিজ্ঞেস করা যেতো, 
"হ্যালো, তুমি আমাকে উদারতার মাপকাঠিতে কতো দিবে? Out of 10......"। 
আপাতত এই সুযোগ নেই, তাই এই চিন্তা বাদ!
ছোটবেলায় ধানের ক্ষেতে কাদা মাখামাখি করে ফুটবল খেলা শেষে মাঠে চিৎ হয়ে শুয়ে আকাশ দেখতাম, তিতাসের জলে চিৎ সাঁতার দিতে দিতে হৃদপিণ্ডের ধকধকানির শব্দ শুনতে শুনতে আকাশে মেঘেদের উড়ে চলা দেখতাম। এর থেকে শান্ত-সুন্দর অনুভূতি আমার এই জীবনে আর উপভোগ করা হয়নি! লোডশেডিং এর সময়টায় হারিকেনের আলো কমিয়ে দিয়ে উঠোনে পাটি পেতে আম্মার কোলে শুয়ে অমবস্যার আকাশে তারাঁদের ছিটকে পড়া দেখতাম। তাঁরাদের ছিটকে পড়া নাকি শুধুমাত্র ভাগ্যবানরাই দেখতে পায়। আমি সেই সুবোধ বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে দুই হাত জোড় করে বিড়বিড়িয়ে আম্মার বলা রাজকুমার, রাজকুমারী, পরীদের গল্পের চরিত্রদের সাথে সাক্ষাতের বাসনা পোষণ করতাম! আম্মা তখন হাসতো, বলতো "তোর নিজের নামই তো Prince, তুই রাজকুমার"।
এভাবে কতো স্মৃতি ধুলোর আস্তরণে আজ জমা পড়ে আছে। 
মাঝে মাঝে মনে হয়, মানুষ মারা যাওয়ার পর আল্লাহ আকাশের তাঁরা বানিয়ে রাখলে খারাপ হতো না। আমি আকাশ দেখার সাথে টেলিপ্যাথিটাও শিখে ফেলতাম তখন। তাহলে, এভাবে অযত্নে বড় হওয়া ফুল সুবাস ছড়ানোর জন্যই বেঁচে থাকতে চাইতো না কখনোই!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest