সব পেলে নষ্ট জীবন
দিনশেষে আমরা নিজেকে বেচে দেই। কখনো নিজের সময়, কখনো নিজের আবেগ, কখনো নিজের পরিশ্রম, কখনো বা নিজের মন। সুখ কেনার নামে প্রতিনিয়ত নিজের মুহূর্তগুলোকে যেন নিলামে তুলছি আমরা। ব্যক্তিগত কোনো মতাদর্শ নেই, পছন্দ-অপছন্দের মূল্য নেই, নিজস্ব সৌখিনতা নেই, সবকিছুকে বাজি রেখে এক অনিশ্চিত ভবিষ্যতের সুখের পেছনে ছুটছি যেন!
বয়স যতোই বাড়ছে, ততোই প্রতিনিয়ত নিজেকে এক পণ্য বলে মনে হচ্ছে। পণ্যের কোয়ালিটি বাড়াতে গিয়ে জীবনের কোয়ালিটি কমিয়ে ফেলছি যেন। মন ভালো করা স্মৃতি নেই, সূর্যাস্ত দেখা বিকেল নেই। নদীর স্রোতে বয়ে যাচ্ছে জীবন, অথচ সেই নদীতে অবগাহন করার সময় নেই। ফুটবল নিয়ে মাঠে ছুটে বেড়ানো উচ্ছ্বসিত মন, বড় হওয়ার নামে হাতকড়া পড়ে আছে যেন। এই গুণগত জীবন তো চাইনি, যা চেয়েছি তা তো পাওয়া হয়ে ওঠেনি!
সব পেলে নষ্ট জীবন। অথচ, সব পাওয়ার আগেই জীবন নষ্ট করে বসে আছি। স্রষ্টা থেকে পাওয়া এই এক জীবন, একাধিক জীবনকে অনুসরণ করতে গিয়ে পণ্য হয়ে গিয়েছে। এই প্রডাক্ট জীবন্ত। হাঁটাচলা করা, কথা বলতে পারা এবং দেখতে পারলেও, সে সুবিবেচক নয়। মন কখনো ভাবতে বসে না, নিজের সাথে নিজের হিসেব কষে না, জীবনের স্বাদ ম্যাটেরিয়েলিস্টিক লাইফে খুঁজে বেড়ায়।
মন্তব্যসমূহ