প্রতিকূলতা জীবনের জন্য প্রয়োজনীয় উপদ্রব
জীবনে দু'একটা আঘাত দরকার। যে আঘাতের ক্ষত মনে করিয়ে দিবে, এর থেকে বর্তমান আঘাতের যন্ত্রণা বেশ সহনীয়।
জীবনে দু'একটা প্রিয় মানুষ হারানোর গল্প থাকা দরকার। যে গল্প মনে করিয়ে দিবে, সবটুকু দিয়েও কখনো কাউকে আগলে রাখা যায় না যদি স্রষ্টা না চায়!
জীবনে দু'একটা অপ্রাপ্তির আকাঙ্খা থাকা দরকার। যা প্রতিনিয়ত নিজেকে মনে করিয়ে দিবে, এই জীবনে সব চাওয়া-পাওয়াই পূরণ হয় না।
জীবনে নিজের বলতে দু'একটা অপ্রিয় সত্যি থাকুক। যা মনে করিয়ে দিবে, আমি নিজেও ষোলোকলা খাঁটি না। এতে অহংকার জন্মাবে না নিজের মাঝে।
জীবনে দু'একটা নির্ঘুম রাতের অভিজ্ঞতা থাকুক। যা প্রয়োজনে মনে করিয়ে দিবে, ঠিকমতো ঘুমাতে পারাটাও কতো বড় নিয়ামত। মাঝরাতে শ্বাসকষ্ট উঠা মানুষটা জানে, চোখের পাতায় ঘুম নিয়ে চোখ মেলে রাখা কতেটা কষ্টের!
জীবনে দু'চারটা হেরে যাওয়ার স্মৃতি থাক। এরা প্রতিকূল সময়ে মনে করিয়ে দিবে হেরে যেয়েও বেঁচে থাকা যায়, ঘুরে দাঁড়িয়ে আবারও জীবনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখা যায়।
জীবনে দু'একটা ভুল বুঝাবুঝি থাকুক। যে ভুল বুঝাবুঝি সবসময় স্মরণ করিয়ে দিবে, নিজের সব সিদ্ধান্ত সঠিক হয় না। মানুষ মাত্রই ভুল, যা সবসময় নিজেকে Numb রাখবে।
এই জীবনে নানান রকমের প্রতিকূলতার নানান রকমের অভিজ্ঞতা থাকুক। যা আমাদের প্রতিনিয়ত মেন্টাল ম্যাচিউরড করবে, যা আমাদের চারপাশের মানুষকে ভালো রাখবে। আমি বিশ্বাস করি, যে জন একবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, সে কখনোই চাইবে না তার আপনজন কেউ ক্ষুধার্ত থাকুক। যে তার পরিবার ভেঙ্গে যেতে দেখেছে, সে কখনোই চাইবে না তার প্রিয় মানুষের সংসার ভাঙ্গুক।
তাই প্রতিকূলতা জীবনে আসুক। একটা সময়ে এসে প্রতিকূলতা জীবনে উপলব্ধি করায় যে, "জীবন সুন্দর, চোখে পানি চলে আসার মতো আনন্দের "।
সত্যি বলতে, প্রতিকূলতা জীবনের জন্য প্রয়োজনীয় উপদ্রব!
মন্তব্যসমূহ