আমি সবসময় দায়িত্ব আর যত্ন, এই দু’য়ের ভারসাম্যহীন অবস্থায় ভুঁগি

আমি সবসময় দায়িত্ব আর যত্ন, এই দু’য়ের ভারসাম্যহীন অবস্থায় ভুঁগি। আমি বুঝি না, সংসারে দায়িত্বশীল হওয়া বেশি প্রয়োজন, নাকি যত্নবান! আমি এটাও বুঝি না, মানুষকে আসলে কিসে আঁটকে রাখতে হয়, দায়িত্ব নাকি যত্ন দিয়ে?

একটা মানুষের জন্য ঠিক কতটুকু যত্নশীল হলে মানুষ আসলে ছেড়ে যায় না, ততোটুকু যত্নশীল কি আদোও হওয়া যায়? সবাইকে দিয়েও তো সব দায়িত্ব পালন হয় না। অথচ মানুষ কতো সহজে যত্ন কিংবা দায়িত্বের অভাব দেখিয়ে ছেড়ে চলে যায়!

একদিন সবকিছু ছেড়ে ছুঁড়ে যখন সংসারে মনোনিবেশ করতে যাবেন, তখন দেখবেন আপনাকে দিয়ে আর দায়িত্ব এবং যত্নের মাল্টি-টাস্কিং হচ্ছে না। দায়িত্ববান বাবা হতে গিয়ে, যত্নবান বাবা হতে পারছেন না। যত্নবান প্রেমিক হতে গিয়ে, দায়িত্বশীল স্বামী আর হয়ে ওঠা হচ্ছে না আপনাকে দিয়ে। বাস্তব সত্য এটাই যে, মেয়েরা প্রেমিক হিসেবে চায় যত্ন করতে পারে এমন ছেলেকে, আর স্বামী হিসেবে চায় দায়িত্ববান পুরুষকে। এ এক অমোঘ সত্য!

এখন অনেকেই ভাবছেন, দায়িত্ব এবং যত্নের ব্যালেন্স করে নিলেই তো হয়। এমনটা কখনো সম্ভব হয় না। মাথায় দায়িত্ব নিয়ে চলা পুরুষ কখনো শতভাগ যত্নবান হতে পারে না। সংসারে মেয়েদের হতে হয় যত্নবান, ছেলেদের হতে হয় দায়িত্বশীল। নয়তো সে ঘর তাসের ঘরের মতো হয়ে পড়ে।

আমার ছোটো সংসারে আমরা তিন জন, বাবা আর দুই ভাই। শ্বশুর বাড়ি থেকে আপুরা আসে উৎসবে কিংবা উপলক্ষে। মেয়ে মানুষ ছাড়া এ সংসারে দায়িত্ব নেওয়ার মানুষ আমরা সবাই কিন্তু এ সংসারে যত্নের বড্ড অভাব। আবার পুরুষ ছাড়া পরিপাটি সংসারে দায়িত্ব নেওয়ার মানুষের বড্ড অভাব! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest