আমি আমার মায়ের কোলের মতো নিরাপদ, পবিত্র আর নিঃস্বার্থ ভালোবাসার একটা জীবন চাই

মানুষ আসলে কি চায়? 

দুইদিন সমুদ্রে থেকে, নাবিক হয়ে সারাজীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে। একদিন পাহাড়ে উঠে, এই পাহাড়ি জীবনে জন্মগ্রহণ না করার আফসোস করে। যান্ত্রিক জীবন নিয়ে হাপিত্যেশ আবার গ্রাম্য জীবনে জীবনযাত্রার মান পিছিয়ে পড়ার ভয়, তারা একদমই দ্বিধাগ্রস্ত! 

মানু্ষ আসলেই কি চায়? 

পুরো যৌবন বিজর্সন দিলো চাকরিটা পাওয়ার পেছনে। তারপর? তারপর কয়েকদিন যেতে না যেতেই বন্ধুর চাকুরিটা নিজে না পাওয়ায় আফসোস করে বাঁচে । নিজের বেছে নেওয়া জীবিকার প্রতি তার তীব্র বিতৃষ্ণা শুরু হয়। 

মানুষ আসলেই কি চায়? 

একটুখানি যত্ন আর আহ্লাদের কাঙ্গাল প্রেমিক বেচারা কখন যেন এসব ভুলে গিয়ে দেহের কাঙ্গাল হয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। আসলেই একজন প্রেমিকের প্রকৃত অর্থে কি প্রয়োজন, যত্নের নাকি দেহের? অথচ দেহ আজ যত্রতত্র মিলে। সস্তাতেই আমাদের যত ঝোঁক!  

এইদিকে বেচারি প্রেমিকা বেকার প্রেমিকের শূন্য পকেট আর আগন্তুকের অর্থনৈতিক সচ্ছলতার মাঝে দ্বিধান্বিত হয়ে আছে। একদিকে চেনা মানুষটার সাথে স্বপ্নের ঘর বাঁধার বাসনা, অন্যদিকে অচেনা মানুষটার ঘরের ফার্নিচার হয়ে প্রবেশ! 

মানুষ আসলেই কি চায়? 

সংসারী জীবনে এসে গ্লানি টানতে টানতে ক্লান্ত হয়ে সন্ন্যাস জীবন কামনা করে। কেউ আবার তার ভাঙ্গা সংসার জোড়া লাগানোর জন্য পুরো একটা জীবন কাটিয়ে দেয়! সংসারের নতুন সদস্য হিসেবে একটা বাচ্চার জন্মগ্রহণ, এক পরিবারের জন্য রীতিমতো উৎসব। অপরদিকে আরেক পরিবারের জন্য অভাবের সংসারের নতুন উপদ্রব বিবেচিত হয়। 

মানুষ আসলেই কি চায়? 

পুরোদস্তুর গৃহিণী মা' মাঝে মাঝে তীব্র দীর্ঘশ্বাস ফেলে। বাচ্চাকাচ্চা মানুষ করতে গিয়ে নিজের চাকুরিটা যদি বিসর্জন দিতে না হতো! চাকুরি আর ক্যারিয়ার নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা মা সন্তাদের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, যতটুকু সময় দেওয়ার কথা নিজের সন্তানদের ততোটুকু সময় যদি দিতে পারতো! 

মানুষ আসলেই কি চায়? 

সামাজিক স্বীকৃতি পেলে, সমাজ থেকে পালিয়ে বাঁচতে চায়। অর্থসম্পদে ভরপুর বিলাসী জীবন পেলে, সাধারণ একটা জীবন চায়৷ জীবিকা নিশ্চিত করতে পারলে, ক্ষমতা চায়। সম্মান পেলে, ক্ষমতা চায়। ভালোবাসা পেলে, অধিকার চায়। 

আমি নিশ্চিত আমরা মানুষ, অস্ত্র হাতে পেলে খালি খুন করতে চাইবো! 

যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি কি চাই?

"আমি আমার মায়ের কোলের মতো নিরাপদ, পবিত্র আর নিঃস্বার্থ ভালোবাসার একটা জীবন চাই।" এই অসম্ভব আকাঙ্ক্ষা নিয়েই সূর্যোদয় আর সূর্যাস্ত গুনছি! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest