Monologue-23

কনফারেন্সের লাঞ্চ ব্রেক। তীব্র ক্লান্তি আর চরম পিপাসা নিয়ে জাদুঘরের বারান্দায় দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিয়েই যাচ্ছি। এটা নিয়ে চার নাম্বার কাপ শেষ হলো। ঘুম আর ক্লান্তি কেটে গেলেও পিপাসা কাটছে না কোনোভাবেই। ক্যান্টিন থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এক নিঃশ্বাসে পুরো বোতল খালি করে ফেললাম। তারপরও পিপাসা কাটছে না যেন! অবশেষে অনেকটা জোর করে কনফারেন্স রুমে গিয়ে বসলাম৷ স্পিকাররা একজনের পর একজন আসছেন আর লেকচার দিয়ে যাচ্ছেন। মস্তিষ্ক লেকচারগুলোর নোট নিচ্ছে আর এই দিকে মন কোথায় যেন পড়ে আছে।

মন চাচ্ছে কফির কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শহরটাকে দেখতে। হঠাৎ করে এই যান্ত্রিক শহর আমার ভালো লাগছে কেন, আমি এর উত্তর খোঁজার চেষ্টা করছি এখন। অথচ এই শহর ছিল আমার অপছন্দের লিস্টে প্রথম শহর। যে শহরে আসলে আমার হাসফাস লাগতো, সে শহরের প্রতি হঠাৎ তীব্র একটা টান অনুভব করছি যেন! ধুলোবালির এই শহরের ল্যাম্পপোস্টের আলোয় কেমন যেন এক  স্নিগ্ধতা, যা কখনো-ই আমি আগে টের পাইনি। কনফারেন্সে শেষ হতে হতে রাত হয়ে গিয়েছে প্রায়।  বের হয়ে ফুটপাত ধরে হাটছি। শহর ছাড়ার সময় হয়ে ওঠেছে, এবার বিদায় নেওয়ার পালা! খালি পায়ে পুরো শহর হাঁটতে মনে চাচ্ছে কেন জানি,তাহলে মনে হয় এই পিপাসা মিটতো ! হঠাৎ করে তিক্ত এই নগরী কেন এতো মোহাবিষ্ট করে তুলছে আমাকে?  আমি এর কারণ খোঁজার চেষ্টা করছি। 

আচ্ছা, মানুষ ফুলকে ভালোবেসে বাগান করে, নাকি বাগান করতে ভালোবাসে বলে ফুলগাছ লাগায়?

আচ্ছা, মানুষ শহরের প্রেমে পড়ে এই শহরের মানুষকে ভালোবাসতে শিখে যায় নাকি এই শহরের মানুষকে ভালোবেসে শহরকে ভালোবাসতে শিখে যায়? 

আচ্ছা পিপাসা কি তরল ছাড়াও অন্যকিছুর প্রতি কাজ করে? এই যেমন ধরেন কাউকে একটু দেখতে চাওয়ার তীব্র পিপাসা কিংবা শহরে নির্জন কোনো রাস্তায় খালি পায়ে হাঁটার পিপাসা! 

#Monologue-23

14th October 2023

Saturday, 9:53pm

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest