বড় হওয়া থেকে অভিজ্ঞতায় বড় হওয়া মানুষগুলোর সান্নিধ্য পাওয়া, তাদের সাথে বন্ধুত্ব করা গুরুত্বপূর্ণ
বড় কাকা-কাকী আমাকে প্রায়ই একটা কথা বলে, "নিজের থেকে বয়সে বড় মানুষদের সাথে মিশবা, তাদের সাথে কথা বলবা, পারলে ফ্রেন্ডশিপ করবা। কারণ এরা তোমার থেকে বেশিদিন দুনিয়া দেখেছে। তুমি এখন যেই বয়সে আছো, তারা সেই বয়স পার করে এসেছে। এরা বুঝবে তোমার সিচুয়েশন।"
প্রথম প্রথম তেমন সিরিয়াসলি নিতাম না কথাগুলো। কলেজ লাইফের পর জীবনে যখন পরপর কয়েকটা ধাক্কা আসে, যখন নিজের কথাগুলো বলার মতো আশেপাশে কোনো বন্ধু পেতাম না, তখন হারে হারে টের পাচ্ছিলাম উনাদের বলা সেই কথাগুলো। একইসাথে ঘুরি, একই ক্লাসে বসে পড়াশোনা করি কিন্তু দু'জনের দেখা দুনিয়া সম্পূর্ণ ভিন্ন, মতামত ভিন্ন হয়ে যায়। এরপর আর তেমন করে কারো সাথে বন্ধুত্ব হয়নি ভার্সিটি লাইফে। যে ক'জন বন্ধু হয়েছে, তাদের সাথে কোনো না কোনোভাবে আমার ফিলোসোফি কানেক্টেড।
এরপর রিকশাওয়ালা মামা, ফুটপাতে ফুল বিক্রি করা ছোট্ট ছেলে, ট্রেনে, বাসে যেখানেই কারো ইন্টারেস্ট দেখেছি, কথা বলার চেষ্টা করেছি। কারো সাথে অল্প সময়ে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। দশ মিনিটের পরিচয়ে কারো দেওয়া উপদেশ এখনো উপকারে আসছে আমার।
ফুটপাতে বসে ফুল বিক্রি করা ছেলেটাকে যখন প্রশ্ন করতাম, "এই ফুল বিক্রি করে কতোটাকা পাও? সংসার চালায় কে, তুমি?"
তার নির্বিকার উত্তর ছিল এমন, বাসায় অসুস্থ মা। ফুল বেচার টাকা দিয়ে রাতে বাজার করে নিয়ে গেলে তারপর রান্না হয়। এরপর এই ছেলের কথা যতোবার মনে হয়েছে, ততোবার তাড়াতাড়ি নিজের পরিবারের প্রতি সাপোর্টিভ হওয়ার তাগিদ অনুভব করেছি। কখনো মনে হয়নি সংসারে টাকা দেওয়া, নিজের চলাফেরায় অস্বচ্ছলতা আনবে৷ আনেও নি।
আমি মানুষের বন্ধু বানানোর গল্প শুনি, বন্ধুত্ব দেখি। আমার খুবই ভালো লাগে। শুধু নিজের বেলায় এসে বন্ধু বানাতে গিয়ে আর পারা হয়ে উঠে না। অনেক কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে গিয়ে টের পেয়েছি জীবনে বন্ধু সংখ্যা কমে গিয়েছে। এখন বন্ধুত্ব থেকে কার থেকে কতোটুকু শিখতে পারলাম, কে কার প্রয়োজনে কতটুকু করতে পারলাম, এসব বিষয়ই মুখ্য মনে হয়। বন্ধুত্ব মানে একসাথে আড্ডা দেয়া, খেলাধুলা করা, হ্যাংআউট করা, লেট নাইট আউটিং করা, এসব ট্র্যাডিশন্যাল সংজ্ঞাকে ভুল মনে হয়।
জীবনের এই সময়টায় এসে মনে হয় বয়সে বড় হওয়া থেকে অভিজ্ঞতায় বড় হওয়া মানুষগুলোর সান্নিধ্য পাওয়া, তাদের সাথে বন্ধুত্ব করা গুরুত্বপূর্ণ। জীবনের অনেক দুঃখ, কষ্ট আর হতাশাজনক পরিস্থিতিতে এই মানুষগুলো খুব উপকারে আসে। জীবনে বন্ধু থাকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বন্ধুত্ব কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ!
মন্তব্যসমূহ