Monologue 21

রাত ১০:৩৬। বারান্দার কর্ণারটায় গ্রীল দিয়ে পা বের করে বসে আছি। বাইরে বৃষ্টি, এর সাথে ঘনঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এ মুহূর্তে আমার মন চাচ্ছে শহরের সব আলো নিভিয়ে দিয়ে সবকিছু অন্ধকার করে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকানো দেখি। 

গ্রামে যখন সন্ধ্যার পর ঝড় শুরু হতো তখন রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যেত। ঠিক ঝড় শুরু হওয়ার আগ মুহূর্তের সেই সময়গুলো অনেক মনে পড়ছে এখন। কেন মনে পড়ছে জানি না। আমি তখন প্রায়শই আকাশ কালো দেখলে কিংবা ঝড় এর আভাস পেলে হাঁটতে বেড়িয়ে পড়তাম। গ্রামের শেষের সেই দক্ষিণের ওদিককার বড় ব্রীজটায় গিয়ে বসতাম। মনে মনে বলতাম নিজেকে বৃষ্টির প্রথম ফোঁটা যেন আমার উপরই পড়ে! তখন থেকেই বুঝতে পারি, আমার ভেতর এক বিলাসিতা জন্ম নিচ্ছে। আমার যা ভালো লাগে তা অন্যের কাছে বিলাসিতা কিংবা পাগলামো হলেও আমি তাই করি। এখনও তা-ই করছি। 

বাইরে বের করে রাখা পায়ের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে। এই শীতল শিহরণ পা থেকে এসে যেন আমার মস্তিষ্কে এসে পৌঁছুচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত একটা কানেক্টেড ফিল করছি শিরা-উপশিরা গুলোয়। এমনটা শেষ মনে হয়েছিলো যখন খালি পায়ে ঘাসের উপর হেঁটে বেড়িয়ে ছিলাম। আকাশের আলোকচ্ছটা আমাকে মুগ্ধ করছে। এই দিকে এক বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পাচ্ছেন বিদ্যুৎ বাঁচানোর জন্য, অথচ আকাশে কতো বিদ্যুৎশক্তির খেলা চলছে! বাতাসের আর বৃষ্টির শীতল ঝাপটা এসে পায়ে শিহরণ জাগাচ্ছে। আমার চিন্তাশক্তি একদম এলোমেলো করে দিচ্ছে । 

#Monologue-21

Sunday, 10:50pm

30th July 2023

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest