Monologue 20
সন্ধ্যা ৬:৩৬। আলো আর অন্ধকারের মিশেলে অদ্ভুত একটা সময়! এ সময়টা আকাশের দিকে তাকিয়ে থাকতে মনে চায়। চোখের পলক ফেলে খুলতেই যেন হঠাৎ আবছা অন্ধকার নেমে আসে চারিদিকে।
ছাঁদের কিনারায় বসে বসে চায়ে চুমুক দিচ্ছি। কিছুটা দূরে এক বিল্ডিংয়ের ছাদের পানির ট্যাংক এর উপর দৃষ্টি পড়লো আমার। আন্দাজে গুণে গুণে দেখলাম বিল্ডিংটা ১২ তালা হবে, ১৩ তালায় ছাঁদ, এর উপর পানির ট্যাংক। এর উপর একটা ছেলের অবয়ব। মাথার উপর একরাশ কালো মেঘ। আগুনের ফুলকি জ্বলছে হাতে ধরে রাখা সিগারেটটায়। ছেলেটা কিছুক্ষণ চুপচাপ বসে বসে আকাশ দেখলো, এরপর সিগারেটটা ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। ছেলেটা খুব সম্ভবত কান্না করছে কিংবা অবসাদ লুকানোর চেষ্টা করছে। কে জানে আকাশের কালো মেঘের মতো তার মনের মেঘও ভেতরে জমাট বেঁধেছে!
এই দৃশ্য দেখছি আর ভাবছি আমি শেষ কবে কেঁদেছিলাম?
শেষ ছ'মাসে নিজের জন্য কয়বার কেঁদেছি আর অন্যের জন্য কয়বার?
আমার কান্নাগুলো কেউ দেখলে আমার সম্পর্কে কি ভেবে বসতো?
আচ্ছা, পুরুষ মানুষের কাঁদা উচিত? উচিত হলেও কী কারো সামনে কান্না করা উচিত? সামনে বসে থাকা মানুষটা কী তাকে দুর্বল ভেবে বসবে?
একে একে নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছি। অবাক হয়ে খেয়াল করলাম, লাস্ট ছ'মাসে নিজের জন্য একবারও কাঁদিনি।আম্মার জন্য অথবা কারো অসহায়ত্ব কিংবা ব্যর্থতার জন্য বেশ কয়েকবার মন খারাপ হয়েছে, চোখে পানি এসেছে, কেঁদে দিয়েছি! আরেকটা জিনিস খেয়াল করলাম একটা ছেলের জন্য সবথেকে কমফোর্টজোন তার মা, যার কোলে মাথা রেখে কেঁদে ফেলার মাঝেও একটা তীব্র প্রশান্তি কাজ করে। কান্নার পর যিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলো, কান্নার পর যিনি আমার চোখের জল মুছে দিয়ে মুখে হাসি ফুটিয়েছিলো, তিনি হলেন আমার মা। এরপর থেকে যতবার কেঁদেছি, সব কান্না একতরফা ছিলো। নিজেই কেঁদেছি, কিছুক্ষণ পর কান্না থামিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছি।
একটা ছেলে নির্দ্বিধায় তার মায়ের সামনে কাঁদতে পারে। কারণ মা ব্যতীত সবাই তাকে জাজমেন্টাল লুক দেয়। মায়ের কোলে মাথা রেখে কাঁদার সৌভাগ্য সবার হয় না। একটা ছেলে জানে মা ব্যাতীত বাকি সবার কাছে সে পুরুষ, নিজের মায়ের কাছে সে আদরের সোনার টুকরো।
এই পুরুষত্ব বজায় রাখতে গিয়ে, একটা ছেলে কান্না লুকায়। রাতের আঁধারে চোখের পানি ফেলে কিংবা চিলেকোঠার একদম কার্ণিশে বসে মনের মেঘগুলোকে আকাশে ছুঁড়ে মারে , যাতে কেউ দেখতে না পায়, বুঝতে না পারে!
#Monologue-20
Wednesday, 7:12pm
12July 2023
মন্তব্যসমূহ