For Connecting the dots, we are connected to our past
আমরা কোনো না কোনভাবে আমাদের অতীতের সাথে কানেক্টেড। “For Connecting the dots, we are connected to our past”. অতীত কখনোই আমাদের পিছু ছাড়ে না। অতীতের কোনো অভিজ্ঞতা হয় আমাদের শুধরে দেয়, নয় আজীবনের জন্য একটা শুন্যস্থান রেখে যায়।
আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি বর্তমানে ঠিক ওই জিনিসটার পেছনেই ছুটছি, যার অভাববোধ আমি আগে অনুভব করতাম। বুঝতে শিখার পর থেকে যে অভিজ্ঞতাগুলো আমি পেয়েছি, যেই জিনিসগুলোর প্রতি সবসময় একটা চাওয়া কাজ করতো, আমি এখন ঠিক এই জিনিসগুলোর পেছনেই ছুটছি। অনেককিছু অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আবার অনেক কিছু অর্জন করা এখনও বাকি আছে ।
ছোটবেলায় যেই ছেলেটার আশ্রয়ের অভাব ছিল, সে নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখে। যে ছেলেটা বন্ধুকে তার বাবার গাড়িতে করে স্কুলে আসতে দেখতো , সে নিজের একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে। যেই মেয়েটা ছোটবেলা নিজের মায়ের আদর পায়নি , সে স্বপ্ন দেখে নিজে একদিন আদর্শ মা হওয়ার। মা’কে প্রতিনিয়ত নির্যাতিত হয়ে আসতে দেখা মেয়েটা নিজে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখে, পুরুষ জাতি আর এই সামাজিক ইকো-সিস্টেমের উপর তার একরাশ জেদ!
যে ছেলেটা কিংবা মেয়েটা পারিবারিক অশান্তি কিংবা মা-বাবার বিচ্ছেদ এর মাঝে বড় হয়েছে, দিনশেষে সেও নিজের একটা সাজানো গুছানো পরিপাটি সংসার এর স্বপ্ন বুনে। কেউ কেউ আবার এর উল্টোটাও হয়। সম্পর্কের বিচ্ছেদ দেখতে দেখতে কেউ কেউ আবার এমনও হয় যে তার জীবনে আর সম্পর্ক শব্দটার প্রতি বিশ্বাস একদমই উঠে যায়।
আমাদের বর্তমান আর ভবিষ্যৎ এর উপর অতীত এর প্রভাব থেকেই যায়। অতীত আমাদের নানানভাবে শিক্ষা দিয়ে যায়। এই অতীত কাউকে বৈরাগী করে দেয় , কাউকে শুধরে দেয়। তবে আমি শুধরে যাওয়া মানুষজন থেকে বৈরাগ্য সাধন করা মানুষই বেশি দেখছি!
মন্তব্যসমূহ