কেউ যদি আমাকে একবার বলতে পারতো কোথায় টাকার বিনিময়ে সময়ের সওদা হয়?

কখনো যদি সুযোগ পেতাম টাকা দিয়ে সময় কিনে নিতাম। আমার হারানো সেই সময়গুলো, যে সময়গুলো আমাকে ভালো থাকতে শিখিয়েছিলো, যে সময়গুলোতে হাসি-আনন্দে একটা দিন কেটে যেতো। 

টাকা দিয়ে সময় কিনা গেলে, আমি আমার ছোটবেলার সেই বিকেলগুলো কিনে নিতাম আরেকটিবারের জন্য হলেও। যে বিকেলগুলোয় নাটাই এর সুতোর টানে আর উড়ন্ত ঘুড়ির দিকে তাকিয়ে নেমে যেত সূর্যাস্ত! একদিকে মাগরিবের আযান, অন্যদিকে অন্ধকার গাঢ় হয়ে আসছে ক্রমশই! ক্রমান্বয়ে আকাশে উড়া ঘুড়িটা অন্ধকারে মিশে যাচ্ছে যেন। এইদিকে নাটাই এ দু'হাতের আঙ্গুল তীব্রবেগে চলছে। ঘুড়িটা যখন আকাশ থেকে নেমে আসে, ততোক্ষণে নাটাই ধরে রাখা দু'হাতের আঙ্গুল বেশ ক্লান্ত। একহাতে ঘুড়ি আরেক হাতে নাটাই ধরে ছুটতাম, ততোক্ষণে অন্ধকার নেমে পড়েছে চারদিকে। বাসায় গিয়ে কোনো রকমে হাতমুখটা ধুয়ে লুকিয়ে চুপচাপ টেবিলে গিয়ে বসে পড়তাম বকুনি থেকে বাঁচার জন্য। যখন দেখতাম কেউ আসছে না বকাঝকা করতে, তখন এক তীব্র স্বস্তির সুখ অনুভব করতাম। আমি সেই সুখটুকু আবার কিনে নিতে চাই! 

টাকা দিয়ে সময় কিনা গেলে, আমি আমার ছোটবেলার লোডশেডিং এর সেই সময়গুলোকে কিনে নিতাম। ঘরের সামনের উঠোনটায় মাদুর বিছিয়ে সব ভাইবোন মিলে গল্প করতাম। হাতপাখা নিয়ে বাতাস করতে করতে আম্মা যখন হাত বদল করতো, তখন আমরা বুঝে যেতাম উনি ক্লান্ত।  আম্মার হাত থেকে পাখাটা নিয়ে আমরা ভাইবোনরা কাড়াকাড়ি লেগে যেতাম, কে এখন বাতাস করবে এই নিয়ে। বাতাস করতে করতে আম্মার কাছে বায়না ধরতাম গল্প শুনানোর জন্য । জানতাম, সে গল্পগুলো সত্যি নয়। তারপরও মুগ্ধ হয়ে শুনতাম সেই গল্পগুলো। প্রতিটা গল্পে একটা উপদেশ থাকতো। তখন বুঝতাম না। বড় হওয়ার পর এখন বুঝতে পারি, সেই গল্পগুলো ঈশপের গল্পের থেকেও কোনো অংশে কম ছিলো না। টিনের চালের অসংখ্য ফুটোর সেই ঘরটায় যে পূর্ণতা ছিল শত অভাবের মাঝেও, সে পূর্ণতা আমাকে এখন এই চার দেয়ালের 

বিশাল ঘর দিতে পারছে না একটুও। আমি আমার পূর্ণতার সেই সময়গুলোকে আবার কিনে নিতে চাই, নিলামে তার যতোই দাম উঠুক! 

কেউ যদি আমাকে একবার বলতে পারতো কোথায় টাকার বিনিময়ে সময়ের সওদা হয়, আমি সেখানে ছুটতাম।

একদিন প্রচুর টাকা হবে, সেই টাকায় ভবিষ্যতের জন্য সুখ কিনবো, প্রচুর সুখ কিনবো। কিন্তু সেই সুখে ভাগ বসাতে আসবে না কেউই। সুখী সেই জীবনে বসে কোথায় যেন একটা টান অনুভব করবো। তীব্র অস্বস্তি নিয়ে নিজেকে নিজে সান্ত্বনা দিবো, " আমি তো সুখী, আমার কোনো অসুখ নেই"।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest