I am The Master of None, But Deal with All ❤️
ছোট্টো এই জীবনে আমার অনেক কিছু হতে মনে চায়, অনেক কিছু করতে মনে চায় ।
আমার মাঝে মাঝে একাডেমিক ক্যারিয়ারে টপার হতে মনে চায়, হাই সিজি আর ফাস্ট বেঞ্চে বসে স্যারের লেকচার মনোযোগ দিয়ে শুনতে মনে চায়। পরমুহূর্তে মনে হয়, এই একঘেয়েমির পড়াশোনা আর সুবোধ হওয়া আমার জন্য না। হাই সিজি আর টপার হওয়ার ইচ্ছে ফাস্ট বেঞ্চেই রেখে ব্যাকবেঞ্চে এসে বসে পড়ি !
আমার মাঝে মাঝে পিউর ব্যাকবেঞ্চার হয়ে যেতে মনে চায়, যে এটেন্ডেন্স নিয়ে কোনো মাথাব্যাথা অনুভব করে না, এক্সাম হলে শূন্য খাতা জমা দিতে কোনো দ্বিধা করে না, যে একাডেমিক প্রেশারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের ক্রিয়েটিভিটিতে ফোকাস করতে পারে। পরমুহূর্তে, এই একচেটিয়া সিস্টেমের কথা মনে পড়ে ব্যাকবেঞ্চার হওয়ার তীব্র ইচ্ছেটাও চেপে যাই মনে মনে !
আমার পাখি হতে মনে চায়। এদের মতো স্বাধীন হয়ে আকাশে উড়তে মনে চায়। পরমুহূর্তে মানুষ রুপী অমানুষদের ফাঁদে পড়ে অপঘাতে মরার ভয়ে, সে ইচ্ছে মাঝপথেই মরে যায়!
আমার সাগর হতে মনে চায়, যেখানে জোয়ারভাটার মাঝেও জীবনের সৌন্দর্য্য আর স্বকীয়তা ধরে রেখে সবাইকে প্রতিনিয়ত মুগ্ধ করে রাখবো সবাইকে। পরমূহূর্তে মাঝ সাগরের ভয়ংকর সেই ঝড় আর হিংস্র শিকারী প্রাণীদের বুকে ধারণ করতে হবে এই ভেবে, আমার সাগর হয়ে ওঠার তীব্র ইচ্ছে চাপা পড়ে যায়।
আমার পাহাড় হতে মনে চায়। যতোই ঝড়-তুফান আর মেঘ-বৃষ্টি এসে ধস নামিয়ে দিতে চাইবে, আমি ততোই নিজেকে অটল রেখে নিজের দৃঢ় অস্তিত্বের প্রমাণ দিয়ে যাবো। পরমুহূর্তে, মনে পড়ে যাই আমি পাহাড় হতে গিয়ে মানুষ হারাতে চাই না। আমার আশে-পাশের যেই মানুষগুলো প্রতিনিয়ত আমার সাহস জোগাচ্ছে, তাদের ফেলে একাকী থাকতে পারবো না। পাহাড় হওয়ার আর সাহস খুঁজে পাই না তখন !
আমার পারফেক্ট প্রেমিক হতে মনে চায়। যেই প্রেমিক তার কবিতা আর উপন্যাস জুড়ে প্রেমিকাকে অমর করে রাখে, যেই প্রেমিকের গল্পের শেষটা সুন্দর। পরমুহূর্তে, চারপাশে সম্পর্কের এতো ভাঙ্গন আর অনিশ্চয়তা দেখে সেই সুবোধ প্রেমিক হওয়ার ইচ্ছেটাকে কবর দিয়ে ফেলি !
এতো কিছু হতে চাওয়ার ভীড়ে, আমার আর কোনো কিছুই হয়ে ওঠা হয় না। আমি আমার মতোই রয়ে যাই, তীব্র যান্ত্রিক আর মোহগ্রস্ত। সেটাও খারাপ না, নিজের আলাদা এক আইডেন্টিটি বজায় থাকে তাতে। নিজেকে এই বলে সান্ত্বনা দেই, " I am The Master of None, But Deal with All ❤️"।
মন্তব্যসমূহ