Monologue-19

শুক্রবার রাত। সারাটা দিনের ক্লান্তি ভুলতে লম্বা সময় নিয়ে গোসল সারলাম। ডায়েরিটা নিয়ে রুমের জানালার পাশে এসে বসলাম। ব্যাগ থেকে খুঁজে খুঁজে দামি জেল পেনটা বের করলাম। এমন আবহাওয়ায় ফুরফুরে মেজাজ নিয়ে ডায়েরি লিখতে বসলে অবশ্যই ভালো কিছুই লিখবো, এই প্রত্যাশা। কারেন্ট চলে গেল, মোবাইলের টর্চ জ্বালিয়ে লিখা শুরু করলাম, জানালা দিয়ে বাইরে থেকে একটু পর পর দমকা বাতাস আসছে আর চঞ্চল করে দিচ্ছে মন! 

আমার রুমের দক্ষিণা জানালাটা আমার খুব প্রিয়। সারাটা সপ্তাহ অপেক্ষা করি এই শুক্রবারটার জন্য। কখন এই জানালার সামনে এসে বসবো। এখানে বসে আমি একটা মেডিটেশন স্টেজ অনুভব করি। দিনশেষে নিজের হাতে গোছানো সবকিছু সুন্দর, সেটা সম্পর্ক হোক, ঘর কিংবা নিজেকে। 

মাঝে মাঝে ডায়েরি লিখতে বসলে খুব দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই আমি, সারাদিনে ঘটে যাওয়া এতো এতো ঘটনার মধ্যে কোনগুলো লিখে রাখবো এই ভেবে। আমার কাছে মনে হয় একটা ফুলের বাগানের মধ্য দিয়ে দৌড়াচ্ছি আমরা, একদম দ্রুত গতিতে ছুটে চলছি যেন! ফুলের বাগানের মধ্য দিয়ে ছুটছি এই ভেবেই খুশি হচ্ছি, কিন্তু একটা মুহূর্ত দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে এতো এতো ফুলের মাঝে একটা ফুলকে ঠিকমতো পর্যবেক্ষণ করার চেষ্টা করছি না কখনো! সবাই যেভাবে ছুটছে, যেভাবে বিশ্লেষণ করছে জীবন, আমরাও সেভাবেই জীবনের সংজ্ঞা মুখস্থ করে যাচ্ছি যেন! নিজের মতো করে ভাববার ফুরসত নেই, নিজেকে দেওয়ার মতো সময় নেই অথচ চারপাশের মানুষগুলো জন্য কতো সময়, নিজের মতো করে নিজের জীবন গোছানোর জন্য নিজের কোনো রুলস নেই, সবকিছু অন্যকে দেখে অন্যকে কপি করে করার প্রয়াস।

আচ্ছা, আমরা নিজের মানুষটার সাথেও কি কপি-পেস্ট আচরণ করি?রোমান্টিক কোনো এক উপন্যাসের চরিত্র ভেবে নিজেদের মতো করে ভালোবাসার সক্রিয়তা নষ্ট করে ফেলি ? সবার কাছে যেভাবে নিজেকে উপস্থাপন করি, তার সাথেও কি এমনটা করি? আমার মনে হয় না তা পারি আমরা, চাইলেও পারি না। ঠিক এই একটা জায়গায় এসে আমরা নিজেরা স্বকীয় হই। ভালোবাসার ক্ষেত্রে সবার গল্প আলাদা। কোনো কপি-পেস্ট নেই। গল্পের বইয়ে অনেক ভালোবাসার গল্পের প্লট এক, কিন্তু বাস্তব জীবনে সবার প্লট ভিন্ন থেকে ভিন্নতর! আমি মানুষের ভালোবাসার গল্প শুনি, ভালো লাগার গল্প শুনি, খুব মনোযোগ দিয়ে শুনি। একবারও মনে হয়নি কারো সাথে কারো গল্প মিলে যাচ্ছে।

বাইরে বৃষ্টি শুরু হয়েছে। এই সময়টায় আমার মন তীব্রভাবে একজনকে স্মরণ করাচ্ছে। ল্যাপটপের স্কিনে বার-বার তাকাচ্ছি, নামের পাশে সবুজ বাতি জ্বলছে কি-না। মন বলছে ফোন দিয়ে খবর নিই, মস্তিষ্ক বলছে এতো রাতে কল দেওয়া ঠিক হবে না, অনলাইনে আসুক সে। আস্তে করে ডায়েরিটা বন্ধ করে ডায়াল করে বসলাম মুখস্থ সেই ১১ ডিজিট! মন ও মস্তিষ্কে সংঘর্ষে এসবক্ষেত্রে মনকে প্রাধান্য দেওয়া উচিত। 

#Monologue-19 

10 June 2023, 

Saturday, 12:20 am

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest