Monologue - 18

রাত ১টা বেজে ৫ মিনিট। রুমের লাইট অফ, ল্যাপটপের স্কিনে মিডিয়ামে ব্লগ পড়ছিলাম। হঠাৎ করে খোলা জানালার দিকে চোখ পড়তেই দেখি বাইরে কতো সুন্দর পূর্ণিমা। আধখোলা জানালা সবগুলো খুলে দিলাম। রূপালি চাঁদের আলো জানালার গ্রীল বেয়ে মেঝেতে এসে পড়ছে। অন্ধকার রুমটা এক অন্যরকম আলোয় ভরে গেল। জানালা দিয়ে বাইরে নতুন টিনের চাল দেখা যাচ্ছে। সেখানে পূর্ণিমার আলো পড়ে এর প্রতিফলন এসে আমার চোখে পড়ছে। জানালা দিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছি আর বিড়বিড় করছি, "পূর্ণিমা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। প্রেমিকার কাজল কালো চোখের চেয়েও সুন্দর !"

এসব ভাবতে ভাবতেই হঠাৎ কেন জানি রূপার জন্য মায়া হতে লাগলো আমার, হিমুর জন্য ক্রোধ টের পাচ্ছি। এই ভরা জ্যোৎস্নায় এক রূপবতী মেয়ে নীল শাড়ি পড়ে একটা ভ্যাগাবন্ডের জন্য অপেক্ষা করছে সে আসবে না জেনেও, ভালোবাসায় এ কি অন্যায়! ব্যাপারটা ভাবতেই মন খারাপ হয়ে যাই। হিমুদের কেন মহাপুরুষই হতে হবে? রূপার মতো মেয়েদের মনে কষ্ট দেওয়ায় কি মহাপুরুষদের কাজ? আমি অন্তত এই পূর্ণিমার রাতটুকুই চাইবো হিমু অতি সাধারণ এক প্রেমিক পুরুষ হয়ে পড়ুক, যে রূপার সব অপেক্ষার অবসান ঘুচিয়ে দিবে। রূপার চোখে চোখ রেখে বলে দিবে সমস্ত চেপে যাওয়া ভালোবাসা !  

দেখতে দেখতে চাঁদটা মেঘ এসে ঢেকে দিলো। কিছুক্ষণ পর আবার মেঘ সরে গিয়ে রূপালী ঝিলিক পড়ছে, চারপাশটা যেন এবার দ্বিগুণ আলোয় উজ্জ্বল হয়ে পড়েছে। বেডে এসে বসে ল্যাপটপে নতুন ট্যাব খুলে বসলাম। চিন্তাভাবনাগুলো নোটপ্যাডে লিখতে গিয়ে আবিষ্কার করলাম যে হিমুর প্রতি আমার সেই ক্ষোভ পাল্টে গিয়ে এখন সহানুভূতির সৃষ্টি হচ্ছে! 

যে ছেলের পাঞ্জাবির পকেটই নেই, সে আর যাইহোক প্রেমিক হতে পারে না। একটা লাল-গোলাপ আর একটা বেলি ফুলের জন্যও পকেট প্রয়োজন, যা তার সাধ্যের বাইরে। প্রেমিক হওয়া তাকে মানায়ও না। প্রেমিক হিসেবে খালি পা, দাড়িগোঁফ ওয়ালা, ভ্যাগাবন্ড কল্পনাতেই সুন্দর। কোনো মেয়ে বাস্তবে হাতে-হাত রেখে হাঁটা তো দূরের কথা, এক কদমও এগোবে না! মেয়েরা কথায় পটে, দু-এক লাইন অবাস্তব ফিলোসোফি কপচালে তারা মুগ্ধ হয়ে শুনে, তারা কল্পনার সাথে সুখ খুঁজে। এমন মেয়েরাই কল্পনায় হিমি হতে চাই, বাস্তবে রাত একটায় পুকুরে নেমে গলা পানিতে দাঁড়িয়ে থাকবার পাত্রী একদমই নয়! হিমু হয়তো ব্যাপার গুলো বুঝতে পারে, বাস্তববাদী চিন্তাভাবনা এই অযৌক্তিক প্রেম যে ফ্যান্টাসি তা হয়তো টের পায় সে। তারপরও সে এদের ভুল ভাঙ্গায় না, তাদের এক মোহ জগতে আবদ্ধ রাখে। থাকুক না কেউ কল্পনায় সুন্দর এক অপেক্ষার জগত নিয়ে!  

জীবন কল্পনায় সুন্দর। বাস্তবতায় শক্ত লোহার শিকল পায়ে এক ক্রীতদাস মাত্র!

#Monologue-18

৬ই মে ২০২৩

শনিবার, রাত ২টা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest