ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায় প্রাক্তন ভালোবাসায়
রাত ১০টা। চায়ের কাপ হাতে ফুটপাতের বেঞ্চিতে বসে আছি। শহরের ব্যস্ততা কমে আসছে ধীরে ধীরে। বিকেল থেকে টানা চার টিউশন করে আমার নিজেরও ব্যস্ততা শেষ। এখন মাথার ঝিমঝিম ভাবটা কমানোর জন্য রাস্তার পাশের এই ভাসমান টংয়ের দোকানে বসে আছি।
দেখতে দেখতে ডিসেম্বর চলে এলো। ২২-সালের শেষ মাস৷ কত চাওয়া-পাওয়া আর হারানোর মধ্য দিয়ে চলে গেল বছরটা ! শীতের কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে। হালকা কুয়াশা পড়া শুরু করেছে, শীতশীত একটা ভাব। বেঞ্চিতে বসে চায়ে একের পর এক চুমুক দিচ্ছি। আহা, চায়ের লিকারের সাথে যেন সমস্ত ক্লান্তি বোধ গলা দিয়ে নেমে যাচ্ছে। এ মুহুর্তে "ডিসেম্বরের শহরে" গানটা কানে ইয়ারফোন গুঁজে ফুল ভলিউম শুনতে খুব মন চাচ্ছে । মোবাইলে To-Do লিস্ট খুলে টাস্কটা দেখলাম,
"ডিসেম্বরের কোন এক শীতের রাত, চাদর গায়ে ফুটপাতে বসে চা সাথে ডিসেম্বরের শহরে গান।
*** সাথে কেউ না থাকলেও চলবে। তবে দলবেঁধে গলা ছেড়ে গাইতে পারলে মন্দ হবে না! *** "
০৩.০৪.২০২২
আজকে নভেম্বর ২৯, তারমানে আজকে শোনা ঠিক হবে না। কিছু জিনিস সঠিক সময়েই সুন্দর, এর আগে চাহিদা পেয়ে তৃষ্ণা মিটিয়ে ফেললে এর সৌন্দর্য্য আর মুগ্ধতা থাকে না। তবে এই গানের কিছু লাইন তীব্রভাবে কানে বাঁজছে।
"..........ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই
আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই
বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই। "
এই মুহূর্তে আমার কাছে কোনো সানগ্লাস নেই, তবে চোখের পাওয়ারের চশমাটায় কেমন যেন বিষন্নতা ভর করছে এসে!
বছরের শুরুটা যেই নতুন উদ্যোমে হয়, শেষটা কেন এমন তৃপ্তির হয় না? পাওয়া, না পাওয়ার ভীড়ে চাপা পরে যাক আমাদের বিষন্নতাগুলো। অপ্রকাশিত থাকুক চেপে রাখা সিক্রেট গুলো। যে মানুষগুলো ফিরতে চাই না, তাদের হারানোর তালিকায় লিপিবদ্ধ করে নতুন বছর শুরু করাটাই এখন এই শহরের নতুন উদ্যোম। কারণ এই শহরে না-পাওয়ার গল্পই বেশি !
মন্তব্যসমূহ