Man in Mystery!
ঘুম ভাঙ্গতেই দেখি পুরো রুম অন্ধকার। ল্যাপটপে তখনও ওয়েব সিরিজ চলছে, এপিসোড ৮। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত যতদূর মনে পড়ছে এপিসোড ৫ চলছিলো। তারমানে (৪৫*২)= ৯০+ মিনিট মানে প্রায় দেড় ঘন্টা চলে গিয়েছে। লাফ মেরে উঠে বিছানা থেকে মোবাইল হাতে নিয়ে দেখি ৪ঃ৩০ বাজে, ট্রেন ৩ঃ৪০ এ ছিল। তারমানে ট্রেন মিস!!! অগত্যা কাপড় পাল্টিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম চা বানাতে। আব্বাকে কল দিলাম বাসায় আসতে।
আব্বা বাসায় এসে কিছুটা অবাক, "তোর না ট্রেন বিকালে ছিলো?"। আমি হেঁসে বললাম,"আমি ঘুমায় পড়ছিলাম, আপনে জানতেন বিকালে আমার ট্রেন ডাক দিলেন না কেন তাহলে? রাতের ট্রেনে যাইতে হবে এখন। ১২টায় ট্রেন, আপুদের বলার দরকার নেই উনারা আবার টেনশন করবে "।
চা নিয়ে বারান্দায় এসে বসলাম দু-জনে। শেষ কবে এভাবে দুজনের সামনাসামনি বসা হয়েছিলো মনে পড়ছে না। সপ্তাহে বাসায় আসলেও, বাসায় সময় দেওয়া হয় না তেমন। রান্নাঘরে কাজ করার সময় টুকটাক কথা হয় তাও কাজের, বাজার-সদাই আছে কিনা, কি রান্না করা হবে এসবই। খাওয়ার সময় পর্যন্ত একসাথে খাওয়া হয়ে ওঠে না আমাদের। কারণ বাসায় আসলে আমি প্রায়ই রাত করে বাসায় ফিরি, তখন আব্বা ঘুম ৷ গেইটের তালাটা আস্তে করে খুলে ফ্রেশ-ট্রেশ হয়ে ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করে নিজের রুমে এসে খেয়ে কোনো রকমে ঘুম দেয়!
আজ অনেকদিন পর এভাবে বসাতে দু'জনের মধ্যে অনেকক্ষণ কথা হলো সাংসারিক বিষয় নিয়ে, খুবই অবাক হলাম। আব্বার সাথে আমার যখনই আড্ডা দিতে বসা হয় সবসময় ভারী ভারী বিষয় নিয়ে কথা হয়। যেমন "আজকালের মিডিয়া সঠিক নিউজ দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না?", " রিজার্ভের টাকা কি আসলেই উধাও?","মুদারাবা কি সুদের আরেক নাম?"
! তিনি হঠাৎ করে ঘর গুছানোর কথা বলছে, ঘর সাজানোর উপদেশ দিচ্ছে, সেভিংসের গুরুত্ব বুঝাচ্ছে, তাই খুবই অবাক হলাম! কিছুক্ষণ পর আব্বা উঠে বের হয়ে গেল। বের হওয়ার সময় বলে গেল," আমি আমার চাবি নিয়া বের হইতেছি, তুই ১১টায় বের হওয়ার সময় তালা দিয়ে বের হইস"। এতো রাতে একা যাবো 'সাবধানে যাইস' এধরনের কোনো কথাও বলে নি, আমি আশাও করি নি। এ মানুষটা থেকে জীবনে কখনো কোনো উপদেশ পাই নি এবং কখনো কোনো জবাবদিহিতাও দিতে হয় নি। একটা সময় এটা আমার জন্য বিরাট এক খুশি হওয়ার কারণ ছিলো, এখন মনে হয় এটা আমার আফসোস !!! বারান্দায় বসে এসব সাতপাঁচ ভাবছি।
আব্বা বের হওয়ার আধঘণ্টার মধ্যে তিন আপুর পর পর ফোন! উনাদের কানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে খবর। আপুদের কোনো রকমে বুঝিয়ে-সুঝিয়ে ফোন রেখে হাফ ছেড়ে বসলাম। কুমিল্লায় সহিহ সালামতে পৌঁছিয়েছি যে তা যাতে ফোন করে কনফার্ম করি তা অবশ্যই জানাবো বলে আশ্বস্ত করতে হলো ।
কাপড় গোছাচ্ছি আর আব্বার কথা ভাবছি। এই মানুষটা আসলেই অদ্ভুত, কখনো নিজের ছেলেকে উপদেশ দেয় নাই, প্রেশার ক্রিয়েট করে নাই কোনো কিছুর জন্য, উপদেশ দেয় নাই, নেয় নাই কোনো জবাবদিহিতাও। অথচ ইনডিরেক্টলি ইনফ্লুয়েঞ্জ করে যাচ্ছে প্রতিনিয়ত!!!
পুরুষ মানুষ আসলেই "Man in mystery"!
মন্তব্যসমূহ