মানুষ মাত্রই একা
চলার পথে হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন খেয়াল করলাম পাশাপাশি সঙ্গ দিয়ে আসা মানুষটা আর সঙ্গে নেই। তখন নিজেকে আশ্বস্ত করলাম এই বলে যে তার হয়তো দীর্ঘ পথ চলায় ক্লান্তি পেয়ে বসেছে, বিরতি নিয়েছে হয়তো। আশ্চর্য! সকাল পেরিয়ে সন্ধ্যা নামলো, আকাশ কালো করে বৃষ্টি নামলো, তার আর আসার নামগন্ধ নেই! মাঝরাতে ঘুটঘুটে অন্ধকারে যখন ঝড় শুরু হলো তখনও অপেক্ষায় ছিলাম হয়তো রাস্তার ও-ই মাথায় এখনই তাকে দেখতে পাবো বলে। ঝড়ের সাথে বিজলির আলোকছটায় প্রতিবার ওই পথ পানে শতশত ছায়ার মাঝে সেই একটা পরিচিত অবয়ব খুঁজেছিলাম প্রতিবার। আশ্চর্য, ঝড় থেমে গেল, ভোরের সূর্য উকি দিল, অতঃপর আমি নিজেকে মাঝপথে কাকভেঁজা হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলাম! অনেকটা চাপা ক্ষোভ আর অভিমান নিয়ে মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে, " মানুষ মাত্রই একা,বাকি সব অভিজ্ঞতা "। মন কি বুঝলো নাকি বুঝলো না জানি না, আমার অপেক্ষার অবসান ঘটনলো। এরপর রোদ-বৃষ্টি, ঝড়-তুফান হোক কিংবা সমুদ্র তীরে বসে ঢেউ গণনার আনন্দ, পাহাড়ের চূড়ায় উঠে মুক্ত বাতাস টেনে নেওয়ার প্রশান্তি, সবকিছু একা উপভোগ করতে শিখে গেলাম। আগে এক হয়ে জীবন উপভোগ করার স্বপ্ন দেখতাম এখন একা থেকে জীবন উপভোগ করার চেষ্টা করি। মানুষের মন অভিজ্ঞতার আলোকে আশ্চর্যরকমভাবেই কী এক বিশাল পরিবর্তন নিয়ে আসে!!!
এখন যারা এক হওয়ার কথা বলে, স্বপ্ন দেখে কিংবা দেখায় তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা," পৃথিবীর এন্ট্রপি শুন্য, আমাদের মনেরও! মানুষ মাত্রই একা "।
মন্তব্যসমূহ