অন্ধকার একসময় কেটে যায় কিন্তু অনিশ্চয়তা নয়

ভোর ৪ঃ৩০,বারান্দায় বসে আছি। নির্ঘুম একটা রাত কাটানোর পর এই সময়টায় এসে চোখে রাজ্যের যত ঘুম আর ক্লান্তি ভর করার কথা। আশ্চর্য! আমার দুচোখে একফোঁটাও ঘুম নেই, কোথাও ক্লান্তির ছিটেফোঁটাও কাজ করছে না।

আমার মাঝে মাঝেই এমনটা হয়। প্রতিনিয়তই যে হয়, এমনটা না। যখন প্রচন্ড ব্যস্ত থাকি কিংবা আইডিয়ারা সারারাত ঘুমোতে দেয় না আমাকে, তখন একদম ভোর দেখে ঘুমোতে যাই। আশ্চর্যের বিষয় এই যে,আজকে আমার মাথায় তেমন কোনো আইডিয়াও খেলা করছে না কিংবা কোনো ব্যস্ততাও নেই,আজ মাথা সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে। কি জন্যে ঘুম আসছে না,তা নিজেও জানি না! সেমিস্টার শেষ,বন্ধুরা যেখানে পরীক্ষার অসম্পূর্ণ ঘুম কাভার দিচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে,পেন্ডিং রাখা মুভি সিরিজ দেখে ক্লিয়ার করছে টু-ডু লিস্ট,সেখানে আমার না হচ্ছে ঘুম, না পাচ্ছি মুভিতে আগ্রহ! 

আজকের ভোরটা অনেক সুন্দর,তীব্র সুন্দর যাকে বলে! অনেক জোরে বাতাস বয়ছে,এতোটাই জোরে যে রীতিমতো চোখে সামনে থেকে বার-বার চুল সরাতে হচ্ছে। পুবের আকাশের কোনটা তার রক্তিম আভায় জানান দিচ্ছে সূর্যের উপস্থিতি যে ঘন্টা খানেকের মধ্যেই হবে। এই ভোরের সবথেকে ভালো লাগার বিষয় হলো, অন্ধকার চিরে অচেনা শহরের এই বিল্ডিংগুলোর কিছু ফ্ল্যাটে বাতি জ্বলে উঠা,নামাজের জন্য উঠে পড়েছে তারা। তাদের গতিতে কেমন যেন একটা শান্ত ধীর্ ভাব। বারান্দা থেকে দেখছি তাদের। মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি কাজ করছে। উনাদের জন্যই হয়তো পৃথিবীটা শয়তান পুরোপুরি দখল করতে পারে নি এখনও!

নিজের ভেতর এমন না বলা অপ্রকাশিত কনফেস উঁকি দিচ্ছে,যা কখনো বলা হয় নি কাউকে। জীবনে অনেক কথাই রয়ে যায়, যা কখনো স্টেজে দাঁড়িয়ে হাতে মাইক্রোফোন নিয়ে কিংবা নিজের স্টুডেন্টদের বলা যাই না,বলা যায় না বন্ধুদেরও। জীবনে অনেক না বলা মোটিভেশান থাকে,যা চাইলেও ফ্রাস্ট্রেটেড মানুষদের প্রেসক্রাইব করা যাই না! এসব অব্যক্ত কথাগুলো এই ভোরে খুব পীড়া দিচ্ছে আমাকে।

প্রিয় মানুষটাকে না বলা প্রিয় বাক্যগুলো চড়কির মতো ঘুরপাক খাচ্ছে মাথায়। এই নিয়ে তিনবার ইনবক্সে গিয়ে সাঁজানো গোছানো পরিপাটি লাইনগুলোতে ব্যাকস্পেস ব্যবহার করে পরিশেষে সাহস হারিয়ে গালে হাত দিয়ে বারান্দায় বসে আছি। যে মানুষটাকে আপনার ভালো লাগে তাকে ভালোবাসা প্রকাশ করতে না পারার মতো পীড়াদায়ক রোগ পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না! 

আপনি পুরোনো শহরে হারানো স্মৃতি খুঁজে পাবেন,হারানো গাড়ি বাড়ি খুঁজে পাবেন কিন্তু হারানো মানুষকে আর কখনো খুঁজে পাবেন না! ভোরটাকে প্রচন্ড পবিত্র মনে হওয়ার সাথে সাথে প্রিয় মানুষগুলোকেও তখন পবিত্র মনে হয়। 

ভোরের সূর্য উঠবেই, এমন চিরন্তন সত্যের মতো আমাদের মানুষগুলোও ফিরে আসবেই এটাও কি সত্যি হতে পারে না? অন্ধকারের মতো অনিশ্চয়তায়ও আমাদের যত ভয়। অন্ধকার একসময় কেটে যায় কিন্তু অনিশ্চয়তা নয়!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest