Comparable Competition Vs Self-Competition

সেই ক্লাস ওয়ান থেকে কলেজ লাইফ পর্যন্ত একটা "Comparable Competition"-এর মধ্য দিয়ে যেতে হয় আমাদের। হাতে পেন্সিল ধরার সময় থেকে আমাদের এই শুনে বড় হতে হয় যে," অমুকের ছেলে কত সুন্দর কবিতা বলে, তমুকের মেয়ে কত সুন্দর হাতের লেখা, তুই কি পারিস? কিছুই না "। ব্যাস,এই অমুকের ছেলের ছড়া আর তমুকের মেয়ের হাতের লেখার থেকে আরো বেশি বেটার হতে কম্পিটিশনের বীজ বপন! এরপর সেই বীজ হতে চারাগাছ, চারাগাছ ডালপালা শিকড় মেলে বড় হতেই থাকে! স্কুল লাইফে এমনও বান্ধবীদের দেখেছি যাদের গলায় গলায় ভাব ছিল কিন্তু ম্যাথ্ এক্সামে একজন আরেকজন থেকে কম মার্কস পাওয়ায় পুরো এক সপ্তাহ একজন আরেক জনের সাথে কথাই বলে নাই, একবন্ধু আরেক বন্ধুকে সাজেশন দেয় নাই। কলেজ লাইফ পর্যন্ত এভাবেই চলতে দেখতাম।

ভার্সিটি লাইফে উঠে বুঝতে পারলাম এখানেও কম্পিটিশন আছে তবে এই অসুস্থ "comparable competition" নয়। 

এখানে প্রতিনিয়ত নিজের সাথে "self competition" দিয়ে টিকে থাকতে হয়।এখানে আগেরদিন রাতে ঘুৃমোতে যাওয়ার সময় পরের দিনের ক্লাস,টিউশন,এক্সাম,সম্পর্ক সবকিছু শিডিউল করতে হয়। আর পরের দিন চলে যাই এই শিডিউল ব্যালেন্স করতে করতেই!

ভার্সিটি লাইফে এখানে একজন আরেক জনের সাথে কম্পিটিশন দেওয়ার সুযোগ নেই। এখানে প্রতিটা শিক্ষার্থীই সেরা,এক একজন এক-এক দিকে সেরা! ক্লাসে এসে ব্যাকবেঞ্চারের সাথে গল্প করলেও শিখতে পারবেন অনেক কিছু, জানতে পারবেন সিজি স্যাক্রিফাইস করে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার গল্প,ভাবতে বাধ্য হবেন জীবন বনাম যুদ্ধের দাঁড়িপাল্লায় কোনটা ভারী! ক্যাম্পাসে প্রতিটা শিক্ষার্থীর এক একটা গল্প থাকে, যা সম্পূর্ণ ভিন্ন এবং ভিন্ন! এদের সাথে গল্প করলে জানতে পারবেন কেউ মায়ের মৃত্যুর শোক নিয়ে পরীক্ষা দিতে এসেছে,কেউ প্রেমিকার বিরহের অবসাদ নিয়ে হাসিখুশি ভান করে ক্লাস করছে, কেউ অসুস্থ মা-বাবাকে বাড়িতে একা রেখে ক্যাম্পাস কন্টিনিউ করছে, কেউ কেউ মাস শেষের দিকে শূন্য মানিব্যাগ নিয়ে না খেয়ে ক্যাম্পাসে আসছে! এতোকিছুর মাঝেও এখানে সবাই সেরা। কেউ সাংগঠনিক কেউ একাডেমিক, কেউ প্রোগ্রামিং, কেউ টাইম ম্যানেজমেন্ট, কেউ বা এতোটাই চিল পাবলিক যে, এদের এসব স্কিল দেখে আপনি কল্পনাও করতে পারবেন না এদের "behind the scene" এ এতো বিষাদের গল্প লুকিয়ে আছে। এজন্যই ভার্সিটি লাইফ এতোকিছুর মাঝেও সুন্দর। এতো ডাইভার্সিটি আমাদের প্রতিনিয়ত শিখায়,ভাবায়,অভিজ্ঞতা দেয় জীবনের সবচেয়ে তিক্ততার এবং মধুর ঘটনার! 

কিন্তু,

• স্কুল-কলেজ লাইফটায় আপনি অন্যের সাথে কম্পিটিশন দিয়ে বড় হোন।অন্যের সাথে কম্পিটিশন দিয়ে ক্লান্ত হয়ে গেলে আপনার খুঁটি হিসেবে পাশে তখন পিতামাতা থেকে শুরু করে স্যার ম্যামরা থাকে। এই কম্পিটিশন সবাই দেখতে পাই, স্টেডিয়ামে বসা দর্শকের মতো সবাই উপভোগ করে কে কার থেকে আগে গেল,কি করলো,কার মার্কস কম এলো,কার গোল্ডেন এপ্লাস আসলো!   

• ভার্সিটি লাইফে এসবের সুযোগ নেই! আপনার এই "self - competition",এই সংগ্রাম কেউ দেখেও না। এখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজের সাথে কম্পিটিশন দিতে দিতে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন,আপনার যখন অনেককিছু বলার থাকা সত্ত্বেও কাউকে বলতে গিয়ে যখন দেখেন শোনার মতো কেউই নেই, তখন আপনি অনুভব করতে পারেন জীবনে আপনি সবথেকে বড় একা। তখন কেউ মানসিকভাবে ভেঙ্গে পড়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, কেউ মানসিক শক্তি সঞ্চয় করে পরের দিনের শিডিউল করতে বসে! 

এতোকিছুর পরও "Comparable Competition" থেকে "Self - competition" অনেক অনেক ভাল। কারণ প্রথমটা আপনাকে স্বার্থপর করে তুলে। প্রতিযোগিতায় এতোই মগ্ন হয়ে পড়ি যে, আশেপাশের মানুষগুলোর গল্পগুলো, তাদের প্রতি সিম্প্যাথি দেখানোর সময়টা পর্যন্ত আমাদের নেই,মানবিক চোখে অন্ধ হয়ে পড়ি আমরা তখন! আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা আরো বেশি আত্মনির্ভরশীল হতে শিখি, দু'পায়ে ভর করে বেঁচে থাকতে শিখি,কঠিন সময়গুলোতে ধৈর্য্য ধরতে শিখি,চারপাশের মানুষগুলোর গল্পগুলোকে অনুভব করতে শিখি আমরা!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest