ইচ্ছেরা বাক্সবন্দী
জীবনে না পাওয়া কিছু ইচ্ছে আর শখ থাকে।এরা হয়তো কখনো সময়ের অভাবে, নয়তো সামর্থ্যের অভাবে অপূর্ণ থেকে যায়!
মধ্যরাতে নির্জন শহরের এই রাস্তায় বন্ধুদের সাথে গিটার নিয়ে বসে গলা ছেড়ে গান গাওয়ার অনেক ইচ্ছে। যেখানে লিরিক্সে সুর দিবে সারাদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফেরা রিকশাওয়ালা ভাই কিংবা মামা!
কোনো এক শীতের রাতে, রাস্তার মোড়ে পিঠা নিয়ে বসা কাকী কিংবা দাদীর সাথে পিঠা খেতে খেতে আড্ডা দেওয়ার অনেক ইচ্ছে । যেই আড্ডায়, পিঠা বিক্রি শখ নাকি ব্যবসা,সারাদিনের আয় রোজগার এসব নিয়ে হবে বিস্তর আলোচনা!
কোনো এক তপ্ত দুপুরে, খেঁয়া নৌকায় করে নদী পারাপার হওয়ার সময় বৃদ্ধ বয়সী মাঝির সাথে সমঝোতা করার অনেক ইচ্ছে। যে সমঝোতায় শিখা হবে জীবনের বিচ্ছিন্নতা আর সাংসারিক হিসেব নিকেশ এর খসড়া!
ক্যাম্পাসে কিংবা কোনো এক বিশেষ দিনে, বেকার প্রেমিকের হাত ধরে কোনো প্রেমিকার হেঁটে যাওয়া দেখার অনেক ইচ্ছে। যে হেঁটে চলায় থাকবে না বাস্তবতার হিসেব নিকেশ কিংবা থাকবে না বেকার প্রেমিকের শূন্য পকেটে প্রেমিকাকে নিয়ে হাঁটার কাঁচুমাচু ভাব,থাকবে না প্রেমিকার দেহে কোনো উচ্চবিলাসী পারফিউমের গন্ধ কিংবা আকাঙ্ক্ষা !
৩০℃ তাপমাত্রায় যে শিশু ঘেঁমে অস্থির,যে নরম গদির এসি গাড়িতে বসে বদ্ধ জানালা দিয়ে অসহায় দৃষ্টিতে স্বাধীনতা খুঁজে, তার সাথে ধুলোবালি গায়ে নিয়ে দু'দিনের অভুক্ত যাযাবর পথশিশুটির সাক্ষাৎ করিয়ে দেওয়ার অনেক ইচ্ছে। যে সৌজন্য সাক্ষাৎকার দূর থেকে বসে দেখতে চাই।যেখানে তুলনা হবে শিশুরাও কি জাত-পাত আর বৈষম্য বুঝে নাকি আপন করে নেয় একে অপরকে!
কোনো এক পূর্ণিমার রাতে চায়ের ফ্লাক্স নিয়ে চিলেকোঠায় বসে প্রিয় মানুষটার সাথে পূর্ণিমাসিক্ত হওয়ার অনেক ইচ্ছে। যে ডুবে যাওয়ায় একাকার হয়ে যাবে দুটি সত্ত্বা, যেখানে এক হয়ে যাবে দু'জনের চিন্তাধারা,যেখানে চায়ের কাপে ভর করবে মাদকতা !
এমন অনেক ইচ্ছেরা পরে আছে পূর্ণতার আশায়।হয়তো ইচ্ছেরা পূর্ণতা পাবে, হয়তো নয়। ডাইরি বন্দী ইচ্ছেরা বাক্সবন্দী হবে না এটাই প্রার্থনা❤️
মন্তব্যসমূহ